ক্লিপচ্যাম্প এখন মাইক্রোসফটের

৯ সেপ্টেম্বর, ২০২১ ০২:৪৯  
ব্রাউজারে ভিডিও তৈরি ও সম্পাদনার জনপ্রিয় টুল ক্লিপচ্যাম্প। বর্তমানে মাইক্রোসফট এজ ও গুগল ক্রোম ব্রাউজারে ক্লিপচ্যাম্পের সেবা ব্যবহার করা যায়। আর এই সেবাকে কিনে নিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। খবর এনগ্যাজেট। ভিডিও সম্পাদনা সেবাদাতা স্টার্টআপটি অধিগ্রহণে কতো অর্থ খরচ হয়েছে সে বিষয়ে কোনো প্রতিষ্ঠানই মুখ খোলেনি। তবে মাইক্রোসফট ইঙ্গিত দিয়েছে, এই অধিগ্রহণের মাধ্যমে মাইক্রোসফট ব্যবহারকারীরা সহজে ভিডিও সম্পাদনার অভিজ্ঞতা পেতে পারেন। বর্তমানে ভিডিও তৈরি ও সম্পাদনার পাশাপাশি ব্রাউজার থেকেই ইউটিউব ও ফেসবুকে সেই ভিডিও শেয়ার করার সুবিধা পান ব্যবহারকারীরা। কম রেজ্যুলিউশনের ভিডিও তৈরি বিনামূল্যেই করা যায়। তবে এটির প্রিমিয়াম সেবাও রয়েছে। মাইক্রোসফট জানিয়েছে, ক্লিপচ্যাম্প জিপিইউ অ্যাক্সিলারেশনসহ কম্পিউটারের ক্ষমতাকে ব্যবহার করে ভিডিও সম্পাদনার সক্ষমতা ওয়েবে সমন্বিত করেছে। এর আগে গতানুগতিক ভিডিও সম্পাদনা সফটওয়্যারে এটি সীমাবদ্ধ ছিলো। কিন্তু ক্লিপচ্যাম্প ব্যবহার করে যাদের ভিডিও সম্পাদনা সফটওয়্যার সম্পর্কে ধারণা নেই তারাও ভিডিও তৈরি ও সম্পাদনা করতে পারেন। ডিবিটেক/বিএমটি